জাতীয়

সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন, দিকনির্দেশনা দিলেন সেনাপ্রধান

ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ আজ মঙ্গলবার (২৫-১১-২০২৫) সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুল (ইএমইএসঅ্যান্ডএস)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

 

সেনাবাহিনী প্রধান ইএমই সেন্টার অ্যান্ড স্কুল-এ পৌঁছালে তাঁকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি; জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া এবং কমান্ড্যান্ট ইএমইএসঅ্যান্ডএস অভ্যর্থনা জানান।

 

 

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে কোর তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় ইএমই কোরের অবদানের কথা উল্লেখ করেন।

 

এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ইএমই কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

 

উক্ত অনুষ্ঠানে জিওসি আর্টডক; ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি; সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া; সেনা সদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট ইএমই সেন্টার অ্যান্ড স্কুল; বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইএমই ইউনিটগুলোর অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর