পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নৌ মিশন গঠনের উদ্যোগ থমকে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, মার্চে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের প্রস্তাব দেয়।
সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর পাশাপাশি চীনকেও এই উদ্যোগে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান।
তবে শুরুতে বেশির ভাগ দেশই এ প্রস্তাবে সাড়া দিতে অস্বীকৃতি জানায় অথবা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। যদিও যুক্তরাজ্য ও ফ্রান্স এই উদ্যোগে অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রেখেছিল।
এরপর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন কর্মকর্তারা আন্তর্জাতিক নৌ জোট গঠনের প্রস্তাবটি নিয়ে প্রচার চালিয়ে যেতে থাকেন।
একই সময়ে সংঘাতে ওয়াশিংটনকে পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগে ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদেরও তীব্র সমালোচনা করেন।
এপ্রিলের মাঝামাঝি সময়ে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক নৌ মিশনে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে।
তখন স্টারমার জোর দিয়ে বলেছিলেন, প্রস্তাবিত মিশনটি হবে ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক’। তবে পরবর্তীতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ উদ্যোগ নিয়ে ঐকমত্য তৈরি না হওয়ায় হরমুজ প্রণালিতে নৌ মিশন গঠনের প্রচেষ্টা বর্তমানে কার্যত থমকে গেছে।