নরসিংদীর পলাশে গণপিটুনিতে শাহজালাল ওরফে জালাল (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দা গ্রামের নুরু মিয়ার কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহজালাল ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল কারাগার থেকে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁকে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত লোকজন গণপিটুনি দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।