নওগাঁর রাণীনগরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সদর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পশ্চিম বালুভরা গ্রামের মো. রাব্বী হোসেন (২৮)।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাঁনপুকুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে থানায় মামলা হয়। ওই মামলায় আশরাফ শেখ ও রাব্বী হোসেন এজাহারভুক্ত আসামি। শুক্রবার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।