রংপুর

পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিজিবি

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর সদস্যরা সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন। রাতের আঁধারেও সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তাঁরা।

সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে ১৮ বিজিবির উদ্যোগে পরিচালিত হচ্ছে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম। ব্যাটালিয়ন সদরের তত্ত্বাবধানে পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা। প্রতিকূল পরিবেশ ও রাতের অন্ধকার উপেক্ষা করে সীমান্ত সুরক্ষায় দিন-রাত ২৪ ঘণ্টা জাগ্রত রয়েছেন তাঁরা।

এদিকে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর করতে অল টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করছে ১৮ বিজিবি। এসব বিশেষায়িত যানবাহনের মাধ্যমে দুর্গম এলাকায় টহল ও নজরদারি চালানো হচ্ছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় ১৮ বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 


সম্পর্কিত খবর