অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থলবন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য অতিরিক্ত অধিকাল ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এক মাস ধৈর্য ধরুন। সরকারের পক্ষ থেকে আপনাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।”
পরিচালকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে সব কর্মসূচি ও আন্দোলন স্থগিত ঘোষণা করেন।
এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্যসচিব আশিকুর রহমান, কাফি, শাহাদত হোসেন, রনিসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।