বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি। তিনি আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
এ সময় মঈন খান আরও বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী এই ইলেকট্রনিক সেবার মাধ্যমে ভূমিসেবা চালু করা হয়েছে। তিনি বলেন, শুধু মুখরোচক কথা বললে হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ হিসেবে গড়ে তুলতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।
উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রধান অতিথি ড. আবদুল মঈন খান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল), শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন।