চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমের দুর্গম এলাকায় ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প: বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমবিবিএস, এমফ্যামসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জারুলিয়ামুড়া ও ক্রীলাইংপাড়া এলাকায় বিজিবির ক্রীলাইংপাড়া চেকপোস্টে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ দেওয়া হয়। সীমান্তবর্তী সাধারণ মানুষও এ সুবিধা গ্রহণ করেন।

 

কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় জনগোষ্ঠীর জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে বাহিনীটি।

 

ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ক্যাম্পে বিজিবির বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর