বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম রেংয়ক পাড়ায় দ্বিতীয়বারের মতো বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, আলীকদম উপজেলা শাখার যৌথ উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এই ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা নেন মোট ৪৯ জন বাসিন্দা। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন ২১ জন। গুরুতর অবস্থার কারণে প্রথম ক্যাম্পের পর ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগের ক্যাম্পে চিকিৎসা নেওয়া ৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান আয়োজকরা।
রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিশুদ্ধ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির প্রতিনিধি রাজীব ম্রো, মেনথক ম্রো, রাংতৈমা ত্রিপুরা, বদিউর রহমান রুস্তম, মো. আরিফ বিল্লাহ ও গিরিশচন্দ্র ত্রিপুরা।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, "দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। রেংয়ক পাড়ায় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছি।"
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, "ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি পান ও পরিচ্ছন্নতা মেনে চলা জরুরি। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি উন্নতির দিকে।"
শিক্ষক সমিতির আহ্বায়ক নূরুল আজিম বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষকরা সবসময় মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করেন। দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।"
লাংরী পাড়ার যুবক-যুবতী কমিটিও ক্যাম্প আয়োজনে সহযোগিতা করে। দুর্গম এলাকায় এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।