নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১৯৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ইমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা ব্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার শাসনপুর শহীদ মিনার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইমন মিয়াকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিলভার রঙের টয়োটা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৭-৮০৫১) তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ডালার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই গাড়ি ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শিবপুর মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জব্দ করা মাদকদ্রব্য ও প্রাইভেটকার আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।