ঢাকা

উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য, গাকৃবি ভিসি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে উদ্ভাবন ও গবেষণালব্ধ জ্ঞান সুরক্ষায় মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা ও উদ্ভাবনের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

 

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’।

 

সেমিনারে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর ও সিনিয়র শিক্ষকসহ ৮৭ জন অধ্যাপক অংশগ্রহণ করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। সেমিনারের কী-নোট উপস্থাপনায় ট্রেজারার কৃষিতে মেধাস্বত্বের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের মতো মেধাস্বত্ব অধিকারের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, এসব অধিকার উদ্ভাবনকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তর করতে সহায়ক। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মেধাস্বত্ব সুরক্ষা, গবেষণার বাণিজ্যিকীকরণ এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়ে মতামত দেন।

 

এসময়নপ্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, “টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সেই উদ্ভাবনকে সুরক্ষা দেয়। গাকৃবি সবসময় ইতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের উদ্যোগ প্রশংসনীয়।” সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, গবেষকদের উদ্ভাবন ল্যাবরেটরির বাইরে নিয়ে গিয়ে পেটেন্ট অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবদান রাখতে গাকৃবি প্রতিশ্রুতিবদ্ধ।

 

উল্লেখ্য, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) প্রতিষ্ঠার স্মরণে ২০০০ সাল থেকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়ে আসছে।



সম্পর্কিত খবর