জাতীয়

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজায় প্রধান উপদেষ্টা, মেয়ে দেশে ফিরলে দাফন

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজায় প্রধান উপদেষ্টা: প্রেস উইং

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নিয়েছেন। দ্বিতীয় জানাজা শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। বিদেশে অবস্থানরত তার মেয়ে ২২ ডিসেম্বর রাত সাড়ে দশটায় দেশে পৌঁছানোর কথা। তিনি এসে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ডি-৮ সম্মেলন শেষে মিশরের রাজধানী কায়রো থেকে দুবাই হয়ে শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান অধ্যাপক ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী, তিনি অন্তর্র্বতী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। 

তাঁর কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

৮৩ বছর বয়সী প্রখ্যাত আইনজ্ঞ এএফ হাসান আরিফ শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 

গত ৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।

হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

হাসান আরিফ ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

বায়ান্ন/এসবি

 



সম্পর্কিত খবর