পটুয়াখালীর বাউফলে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আরডিএসের পরিচালক আব্দুল খালেক, সোনালি সকাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভার শুরুতে বিভিন্ন এনজিও প্রতিনিধি পর্যায়ক্রমে নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম তুলে ধরেন। তাঁরা শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় ও ঋণদান, দারিদ্র্য বিমোচন, নারী উন্নয়ন, শিশু সুরক্ষা, কৃষি ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন খাতে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
এ সময় কোন এলাকায় কোন সংস্থা কী ধরনের কাজ করছে, কোথায় কাজের ঘাটতি রয়েছে এবং আগামীতে কোথায় নতুন উদ্যোগ নেওয়া প্রয়োজন—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনকল্যাণে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উপস্থিত প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বাউফলের মতো উপজেলায় সরকারি দপ্তরের পাশাপাশি অসংখ্য বেসরকারি সংস্থা কাজ করছে। এসব সংস্থার মধ্যে সমন্বয় না থাকলে একই এলাকায় একই ধরনের কাজ বারবার হয়, আবার অনেক এলাকা বঞ্চিত থেকে যায়। তাই এ মাসিক সমন্বয় সভা উন্নয়ন কার্যক্রমকে আরও পরিকল্পিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। একই এলাকায় বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা জরুরি। কোনো সংস্থার কাজ যাতে অন্য সংস্থার কাজের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে বাস্তবসম্মত ও প্রয়োজনভিত্তিক উদ্যোগ নিতে হবে। কাগজে-কলমে নয়, মাঠ পর্যায়ে মানুষ যাতে উন্নয়নের সুফল পায়, সেভাবেই কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।