কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নিহতরা হলেন– রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এছাড়া আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন– চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। এদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে।
অন্যজন পড়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহমুদ সোহেল এসব তথ্য জানান। পুলিশ জানায়, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের কয়েকজন সকালে বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। নিহত সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এর আগে সকালে সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।