ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওলিউর রহমান। সভা শেষে সংসদ সদস্যের সহায়তায় প্রাপ্ত একটি হরমোন অ্যানালাইজার মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সভার শুরুতেই কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন হাসপাতালের সেবার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি সভায় জানান, হাসপাতালের পুরোনো ভবনটি সংস্কার করা প্রয়োজন এবং চিকিৎসকদের বসার কক্ষের সংকট রয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সচালক, পর্যাপ্ত চিকিৎসক, দাপ্তরিক কর্মী ও নার্সসহ নানা পদে জনবলসংকট রয়েছে। বর্তমানে প্রেষণে (ডেপুটেশন) বাইরে কর্মরত চিকিৎসক ও নার্সদের হাসপাতালে ফেরাতে করণীয় সম্পর্কেও আলোকপাত করেন তিনি।
সভায় সংসদ সদস্য আবু তালিব বলেন, “সরকার ইতোমধ্যে এ হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছে, যার প্রথম পর্যায়ের তালিকায় রয়েছে কালীগঞ্জ।” হাসপাতালে প্রেষণে থাকা চিকিৎসক ও নার্সদের ফিরিয়ে আনাসহ সকল সমস্যা পর্যায়ক্রমে নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, নয়ন খন্দকারসহ হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।