ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট জামির হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই হাসপাতালের হারবাল অ্যাসিস্ট্যান্ট মাহবুবুর রহমানের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহবুবুর রহমান বর্তমানে হাসপাতালের স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, হাসপাতালের অফিসে উপস্থিত হয়ে দুজন বসে কথা বলার একপর্যায়ে হঠাৎ মাহবুবুর রহমান জামিরের ওপর চড়াও হন এবং চোখে আঘাত করেন। এরপর নাকে-মুখে উপর্যুপরি কিল-ঘুষি মারলে আশপাশে থাকা সহকর্মীরা তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নেন। আঘাত গুরুতর ও রক্তক্ষরণ হওয়ায় জামির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটায় সিটি স্ক্যান করানোর জন্য যশোরে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী জামির হোসেন জানান, “সকালে আমরা দুজনে অফিসে বসে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সে আমার ওপর আক্রমণ করে মারতে থাকে। আমার চোখে আঘাত লাগায় আমি মাথা ঘুরে পড়ে যাই। এ সময় সে আমাকে উপর্যুপরি মারপিট করে।”
অভিযুক্ত মাহবুবুর রহমান জানান, তিনি (জামির) তাঁকে নিয়ে বিভিন্নভাবে মিথ্যা দোষারোপ করে আসছিলেন, বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমানুল্লাহ আল মামুন জানান, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”