ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী জীবন মণ্ডল (৩২) ও তাঁর সহযোগী সুজন আহমেদকে (২৫) আটক করেছে পুলিশ।
এ সময় তাদের হেফাজত থেকে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স (ফেনসিডিলের বিকল্প) উদ্ধার করা হয়। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে এই অভিযান চালায় পুলিশ।
জীবন মণ্ডল উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মণ্ডলের ছেলে এবং সুজন আহমেদ বালিয়াডাঙ্গা বলিদাপাড়ার মো. আলতাফ মণ্ডলের ছেলে। জীবন মণ্ডলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “জীবন মণ্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে কয়েকবার মাদক সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সম্প্রতি সে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে এক সহযোগীসহ আটক করা হয়েছে।” মাদক আইনের মামলায় অভিযানে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।