খুলনা

কালীগঞ্জে রূপসা গাড়ির ধাক্কায় প্রাণ গেল পৌর কসাইখানা পরিদর্শকের

ঝিনাইদহের কালীগঞ্জে রূপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে এবং তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী একটি রূপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা পৌর কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেল ও একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মারা যান এবং এক ইজিবাইকচালক আহত হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ইজিবাইকচালকের পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। সে সময় আরেকজন আহত হওয়ার কথা শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে জানতে পেরেছি আহত ব্যক্তি আশঙ্কামুক্ত, তবে তাঁর পরিচয় আমার জানা নেই।"

 


সম্পর্কিত খবর