রাজশাহী

কালীগ্রাম ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলেন প্রশাসক জাফরুল ইসলাম

নওগাঁর রাণীনগর উপজেলার ৬ নম্বর কালীগ্রাম ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝে নিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. জাফরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

 

এর আগে গত ১৪ জানুয়ারি (বুধবার) নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে রাণীনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলামকে এই ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল রাখতে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে দায়িত্বভার অর্পণ করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

দায়িত্ব গ্রহণ সম্পর্কে মো. জাফরুল ইসলাম বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী আমি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝে নিয়েছি। নাগরিক সেবা নিশ্চিত করতে এবং পরিষদের নিয়মিত কার্যক্রম গতিশীল রাখতে আমি সচেষ্ট থাকব।"

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. সাহাজুল ইসলাম, হিসাব সহকারী ফারুক হোসেন, উদ্যোক্তা রেজাউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জাইদুল ইসলাম টুকু এবং ইউপি সদস্য সহিদুজ্জামান রুবিনসহ গ্রাম পুলিশের সদস্যরা।



সম্পর্কিত খবর