নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) জোহরের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় মসজিদের দানবাক্সগুলো খুলে টাকা গণনা করা হয়।
এদিকে দানবাক্স থেকে পাওয়া নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকার পাশাপাশি গত ৬ মাসে মানুষের দান করা হাঁস-মুরগি, কবুতর, ছাগল, গরু ও সোনা সহ বিভিন্ন দানসামগ্রী বিক্রি থেকে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের ব্যাংক হিসাবে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা করা হয়েছে।
এ বিষয়ে চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বলেন, “জোহরের নামাজের পর মসজিদ কমিটির সভাপতির উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছে। দানবাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এ ছাড়া গত ৬ মাসে বিভিন্ন দানসামগ্রী থেকে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকাসহ মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি মো. আরিফুর রহমান বলেন, “দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।”