কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সার্বিক তত্ত্বাবধানে দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সম্মিলিত পরিকল্পনা ও সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে এই আয়োজন সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, ভর্তিচ্ছুদের সহায়তায় বিশেষ বাস সার্ভিস, স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।
ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd)-এ পাওয়া যাবে।
উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছে অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।