ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।
নিহত ওই শিশুর নাম রাফিয়া খাতুন (দেড় বছর)। সে উপজেলার কাঁঠালিয়া গ্রামের রাকিব হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে শিশু রাফিয়াকে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে গৃহস্থালি কাজ করছিলেন তার মা। এসময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ঘরে আটকা পড়ে শিশুটি গুরুতর দগ্ধ হয়।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পথে ভোররাতে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।