খুলনা

কোটচাঁদপুরে বাগান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। বুধবার ভোররাতে উপজেলার সলেমানপুর এলাকার কোটচাঁদপুর-চৌগাছা সড়কের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি .২২ ক্যালিবারের একনলা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

অভিযানের বিষয়ে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



সম্পর্কিত খবর