খেলাধুলা

ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন

২০২৬ বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে স্পেন। সেভিয়ায় ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

 

জোড়া গোল করেছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

এদিন ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে দর্শকদের দেখান অধিনায়ক রদ্রি।

 

এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের যে ম্যাচটি রদ্রিরা খেললেন, তাতেও মিশে থাকল বিশ্বচ্যাম্পিয়নের বার্তাই। র‌্যামন সানচেজ স্টেডিয়ামে দাপুটে ফুটবলে ক্রোয়াটদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন।

 

 

দুটি গোল করেছেন লামিনে ইয়ামাল, একটি করে নিকো উইলিয়ামস ও মার্ক পিউবিল।

আগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানো স্পেন আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। কিক অফ বাঁশির পর মাত্র ৭০ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। এতে অবশ্য অন্যদের কৃতিত্বও কম নয়।

 

 

মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার সমন্বয়ে তৈরি আক্রমণে বল যায় বক্সের কাছাকাছি থাকা ফেরমিন লোপেসের দিকে। তবে নিজে বল না নিয়ে ছেড়ে দেন ইয়ামালের জন্য। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে নিচু শটে বল জালে পাঠান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ক্রোয়েশিয়া সমতা ফেরায় ২৮ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ইভান পেরিসিচের নিখুঁত ক্রসে স্পেনের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে উঠে হেডে গোল করেন ডিওন দ্রেনা বেল্লো।

 

 

তবে সমতা বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই আবার এগিয়ে যায় স্পেন। শর্ট কর্নারের পর ফেরমিনের সঙ্গে ওয়ান-টু করে বক্সে বল পাঠান ইয়ামাল। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান পিউবিল।

 

বিরতির ঠিক আগে স্পেন পেয়ে যেতে পারত তৃতীয় গোলও। হয়নি বক্সের ভেতর থেকে ফেরমিনের বাঁকানো শট ক্রোয়েশিয়ার গোলপোস্টে লেগে ফিরে আসায়।

 

দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্পেনের আক্রমণের ধার কমেনি। তেমনই এক আক্রমণে ৬৩ মিনিটে সুযোগ কাজে লাগান ইয়ামাল। পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সে ঢুকে খুব কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। তাঁর বার্সেলোনা সতীর্থ দমিনিক লিভাকোভিচ হাত বাড়িয়েও আটকাতে পারেননি।

 

জোড়া গোলের পর ইয়ামালকে ৬৮ মিনিটে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠ ছাড়ার সময় স্ট্যান্ডিং ওভেশন পান বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে দুই ম্যাচে তাঁর গোল-অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়াল চারটি।

 

শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে স্পেন। ৮১ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামেন লুকা মদরিচ। তবে ৪১ বছর বয়সী এই কিংবদন্তির উপস্থিতিও তাঁর দলকে ম্যাচে ফেরাতে পারেনি।

 

উল্টো ৮৯ মিনিটে স্কোর লাইন ৪-১ করে ফেলেন উইলিয়ামস। রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি। গোলরক্ষকের সামনে ঠান্ডা মাথায় বল জালে পাঠান উইলিয়ামস। মজার বিষয়, এই গোলের সঙ্গে জড়িয়ে থাকা চার স্প্যানিশই মাঠে নেমেছেন বদলি হিসেবে।

 

টানা দুই জয়ে নেশনস লিগ শুরু করা স্পেন পরের ম্যাচ খেলবে ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। একই দিনে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।

 



সম্পর্কিত খবর