রাজশাহী

ক্ষেতলালে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা সম্পন্ন

জয়পুরহাট-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীর সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) সকালে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বক্তারা দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, “দেশের চলমান সংকট উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জনকল্যাণ ও ইনসাফ কায়েমে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে রায় দিতে হবে।”

 

জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় মাওলানা নুরুজ্জামান সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মাহমুদসহ জোটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নির্বাচনী প্রচারণায় জোটের সংহতি প্রকাশ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগের নির্দেশনা দেন।

 

জনসভায় কালাই ও ক্ষেতলাল উপজেলার জামায়াতে ইসলামী ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের শরিক দলগুলোর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর