টপ নিউজ

চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে বিশ্ব

 

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব এক নতুন এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমন পরিস্থিতিতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তার মতে, বিশ্ব এখন চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ সমবেত বিশ্বনেতাদের প্রতি তিনি অতিদ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার মতো জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আকুল আহ্বান জানিয়েছেন।

একদিকে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং অন্যদিকে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নতুন প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড অনুযায়ী বিগত ১২ বছরের প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর অন্তর্ভুক্ত ছিল এবং এই ধারা অব্যাহত রয়েছে।

 

 

ডব্লিউএমও-এর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করে জানিয়েছেন, বর্তমানের এই ব্যতিক্রমী শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরো ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা যেতে পারে। এমনকি ২০২৭ সালেও তাপমাত্রা বৃদ্ধির আরো একটি নতুন রেকর্ড তৈরি হতে পারে।

 

চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৪৭ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে বিশ্বের মিঠা পানির স্তর কমছে, দ্রুত হিমবাহ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে।

 

 

তবে এই চরম পরিস্থিতির মধ্যে আশার আলো হলো বিশ্বজুড়ে ‘আগাম সতর্কীকরণ ব্যবস্থার’ প্রসার। প্রাকৃতিক দূর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা থাকা দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।

জলবায়ুর এই দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং নতুন বিপর্যয় এড়াতে কার্যকর আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে বিশ্ব নেতাদের আরো বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় পার হয়ে যাওয়ার আগেই বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ গ্রহণ না করলে আগামীর আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের একেবারেই বাইরে চলে যাবে।

 



সম্পর্কিত খবর