নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার সমুন্নত রাখার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে মানবতা ও নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেনমার্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডিগনিটির সহযোগিতায় এবং দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর আয়োজনে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের লা রোজার কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
‘অধিকার’-এর ঠাকুরগাঁও ফোকাল পারসন ও সাংবাদিক নূর আফতাব রূপমের সঞ্চালনায় সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল। এ সময় আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলাম, সুজনের যুগ্ম সম্পাদক হাসান বাপ্পি এবং চ্যানেল ২৪-এর প্রতিনিধি ফাতেমা তুজ জোহরা।
সভায় মানবাধিকার পরিস্থিতি ও সুরক্ষা-সংক্রান্ত উদ্বেগের বিষয়ে হালনাগাদ তথ্য, সারভাইভার ও মানবাধিকার কর্মীদের সম্মুখীন চ্যালেঞ্জ, সংহতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সহায়তা বা রেফারেল প্রয়োজন এমন সারভাইভারদের চিহ্নিতকরণসহ মানবতা ও নির্যাতনবিরোধী নানা বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, মানবতা ও নির্যাতনবিরোধী এ নেটওয়ার্ক সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীসহ ২০ জন অংশগ্রহণ করেন।