“বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।
প্রধান অতিথি বলেন, “আগামী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে যত্ন নিতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন উজাড় করে কাউকে পাহাড় নিধন করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন। সে যতই প্রভাবশালী বা ক্ষমতাবান হোক না কেন, আইন অমান্য করলে দোষীকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সবুজ বনায়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।”
সপ্তাহব্যাপী চলা এ মেলায় ২৫টি স্টল অংশ নেয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নানা প্রজাতির আটষট্টি হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (১৮ ইবি) লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞাসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।