খুলনা

খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। আজ রোববার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

 

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, "আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ রয়েছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই আদর্শ ও স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত যে বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু হয়েছিল, তা পূর্ণতা পাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ের মাধ্যমে।"

 

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের উন্নয়নের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে ঝিনাইদহ-৪ আসনটি তাকে উপহার দিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু এবং জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।



সম্পর্কিত খবর