গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে বর্ণাঢ্য আয়োজনে ‘শিক্ষক সন্ধ্যা ২০২৫’ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি গবেষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণায় বিশেষ উৎকর্ষ সাধনকারী শিক্ষকদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা জানানো হয়।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষকদের নিষ্ঠা ও গবেষণার ওপরই প্রতিষ্ঠানের বৈশ্বিক অগ্রযাত্রা নির্ভর করে।” অনুষ্ঠানে ২০২৬ সালের নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অডিটোরিয়ামে আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। শীতের আমেজে শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. আবু আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান।