ঢাকা

গাকৃবিতে হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনালে; চ্যাম্পিয়ন ‘টিম রেস্কিউ হারভেস্ট’

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্বের বৃহত্তম সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫-২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত এ চূড়ান্ত পর্বে ছয়টি উদ্ভাবনী দলের মধ্যে লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘টিম রেস্কিউ হারভেস্ট’।

 

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

 

প্রতিযোগিতায় ‘টিম এভেনলো’ প্রথম রানার্সআপ এবং ‘টিম কার্বোডিট’ দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো—টিম ইকোফিনস, টিম কর্নোভা ও টিম সেলুথিয়া। মাসব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক মডেল বিচারকদের সামনে উপস্থাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “হাল্ট প্রাইজের এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের প্রতিফলন। সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম থেকেই ভবিষ্যতের সফল সামাজিক উদ্যোক্তারা বেরিয়ে আসবে।” তিনি চ্যাম্পিয়ন দলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

 

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ ন্যাশনাল টিমের প্রতিনিধি রুদ্রনীল মন্ডল।

 

পুরো আয়োজনটি সমন্বয় করেন হাল্ট প্রাইজ গাকৃবি পরিচালক সৃজন পণ্ডিত দিব্য এবং উপ-পরিচালক আমিনুল ইসলাম সিফাত। উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘হাল্ট প্রাইজ’ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণদের উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে উৎসাহিত করে।



সম্পর্কিত খবর