গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম। আগামী ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন মিঞার স্থলাভিষিক্ত হলেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড বায়োসায়েন্সে পিএইচডি সম্পন্ন করেন। তিনি গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ ও বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগ শনাক্তকরণে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের নেতৃত্ব দিয়ে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার উদ্ভাবিত 'ক্রিসপার' (CRISPR) ভিত্তিক দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি বিশ্ব খাদ্য নিরাপত্তায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে স্বীকৃত। গুগল স্কলার অনুযায়ী, তার গবেষণার সাইটেশন ১৫ হাজার ছাড়িয়েছে এবং এইচ-ইনডেক্স ৬১।
যুক্তরাষ্ট্রের আমেরিকান ফাইটোপ্যাথলজিক্যাল সোসাইটির (এপিএস) ১২০ বছরের ইতিহাসে তিনি প্রথম বাঙালি 'ফেলো' নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া তিনি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (BAS) ফেলো। স্ট্যানফোর্ড-এলসেভিয়ার র্যাঙ্কিং অনুযায়ী তিনি ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য তিনি ইউজিসি রিসার্চ অ্যাওয়ার্ড এবং কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি অসংখ্য পদক লাভ করেছেন।
গাকৃবি সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার হবে।