ঢাকা

গাজীপুরে জমি দখলের অভিযোগ আ'লীগ নেতা ও সহযোগীদের বিরুদ্ধে

গাজীপুরে গভীর রাতে একটি বিরোধপূর্ণ জমি জবরদখলের অভিযোগ উঠেছে আ'লীগের নেতা আব্দুর রউফ ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

 

জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাশিমপুর হাতিমারা এলাকায় রাতের আঁধারে জমির সীমানা গেট ভেঙে দেয়াল নির্মাণ শুরু করেন আ'লীগ নেতা ও তার সহযোগীরা। এসময় ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারা নির্মাণকাজ বন্ধ করে পালিয়ে যান।

 

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সীমানা গেট ভেঙে ফেলে এবং দেয়াল নির্মাণের কাজ শুরু করেন আ'লীগ নেতা আব্দুর রউফ ও তার সহযোগীরা। এসময় ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা নির্মাণকাজ বন্ধ করে পালিয়ে যায়।

 

ভুক্তভোগীদের দাবি, জমিটির মূল মালিক ছিলেন আশরাফ উন নেসা। তিনি ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে মো. রমজান আলী ও মো. সেলিম রেজার অনুকূলে একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এরপর থেকে তারাই জমিটি ভোগদখলে রয়েছেন।

 

অভিযোগে আরও বলা হয়, কাশিমপুর থানার সাবেক জে.এল. নং-৫৪৬, হাল জে.এল. নং-৬০, এসএ খতিয়ান নং-১৫, আরএস খতিয়ান নং-৪৩৩ এবং জোত নং-৯৪১১-এর আওতাভুক্ত ১৭ দশমিক ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে রমজান আলী ও মো. সেলিম রেজা ভোগদখল করে আসছেন।

 

এদিকে, গত ৩০ জুন ভুক্তভোগী রমজান আলী বাদী হয়ে জিএমপির কাশিমপুর থানায় আব্দুর রউফ ও তার সহযোগীদের বিরুদ্ধে ৪০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের কয়েক দিনের মধ্যেই গভীর রাতে জমি দখলের এই চেষ্টার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে আব্দুর রউফের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া মেলেনি।

 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর