গাজীপুরে একটি সামাজিক কবরস্থান থেকে রাতের আঁধারে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় সামাজিক কবরস্থানে বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ৯টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কবরস্থানের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন কয়েকটি কবরের ওপরের মাটি ও বাঁশ সরানো অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে একাধিক কবর খোঁড়া এবং কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে এলাকাবাসী খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বুধবার রাত প্রায় ১০টার দিকে তিনি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল। গভীর রাতে লোকজনের চলাচল কম থাকায় দুর্বৃত্তরা এ সুযোগে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, গ্রামের কয়েকজন স্বজনের কঙ্কাল চুরি হওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন ও মর্মাহত।
সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু বলেন, সকালে কঙ্কাল চুরির খবর পেয়েই ঘটনাস্থলের খোঁজখবর নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
এবিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।