গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাজী মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোঃ বেলায়েত হোসাইন বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি মাদক ও অপরাধের অভয়ারণ্য। চলতি সপ্তাহে দুই দফায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাইলী বেগম নামে একজনের বাড়ীতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক সেবন করার সামগ্রী জব্দ করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ আসার খবর পেলে অপরাধীরা বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে যায়। শুনেছি, সেখানে সুরঙ্গ ও একাধিক পথ রয়েছে। আমরা এই ধরনের অভিযান চালিয়ে যাব। মাদকের প্রশ্রয় দেওয়া বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান রয়েছে।