বরিশাল

গ্রাম আদালত সক্রিয়করণে বিশেষ ভুমিকা: সম্মাননা পেলেন ডৌয়াতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছালেহ

স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে অর্ধ-বার্ষিক(অক্টোবর-২০২৫-মার্চ-২০২৬) মূল্যায়নে বরগুনা জেলায় ২য় স্থান অধিকারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছালেহকে।

সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার।  

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রমকে কার্যকর, স্বচ্ছ ও জনসাধারণের কাছে অধিক গ্রহণযোগ্য করে তুলতে মোঃ আবু ছালেহ নেতৃত্বে একাধিক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদের এজলাস কক্ষ গ্রাম আদালতের বার্তা ও তথ্যসম্বলিত উপকরণ দিয়ে সুসজ্জিত করা হয়েছে। পাশাপাশি আধুনিক ও সুশৃঙ্খল এজলাস স্থাপনের মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থাপনায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করছেন ইউএনও সম্রাট হোসেন।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছালেহ বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়; এটি ডৌয়াতলা ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, সচিব, গ্রাম আদালত সহায়ক এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

 



সম্পর্কিত খবর