নরসিংদীর মাধবদীর চৌদ্দপাইকা এলাকায় একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অসতর্কতাবশত ঘরের ভেতর আটকে পড়ে মাত্র দুই বছরের শিশু মো. সাফোয়ান। পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে খবর পেয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেছে মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে যানবাহন নিয়ে পৌঁছানো সম্ভব ছিল না। ফলে উদ্ধারকর্মীরা প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির সরু আইল পায়ে হেঁটে সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান।
পরবর্তীকালে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে মাত্র সাত মিনিটের মধ্যেই ভবনের দ্বিতীয় তলায় আটকে পড়া দুই বছরের শিশু মো. সাফোয়ানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শিশুটিকে তার বাবা মোয়াজ্জেম মো. রাকিবুল ইসলামের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পথ ও প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তাঁদের সময়োপযোগী পদক্ষেপে সম্ভাব্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
দ্রুত সাড়া, দক্ষতা ও মানবিক দায়িত্ববোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাঁদের এই সাহসী ও মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।