জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন উপলক্ষে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ এক শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে নিয়ে মজার ছলে কিছু মন্তব্য করেন তিনি, যা ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
পোস্টে জয়া চঞ্চলের বহুমাত্রিক ব্যক্তিত্বের কথা তুলে ধরে বলেন, তাঁর ভিজিটিং কার্ডে পেশার তালিকা নতুন করে সাজানো হলে সেখানে অভিনেতা পরিচয়ের আগে আরো দুটি পরিচয় থাকা উচিত।
জয়ার মতে, চঞ্চলের পরিচয়পত্রে প্রথমেই লেখা থাকা উচিত ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয় স্থানে থাকবে ‘দুরন্ত ড্রাইভার’। আর বহু দর্শকের প্রিয় সেই পরিচয় ‘অভিনেতা’ থাকবে তৃতীয় নম্বরে।
রসিকতার আড়ালে চঞ্চলের ব্যক্তিত্ব, প্রাণবন্ত উপস্থিতি এবং অভিনয় দক্ষতারই প্রশংসা করেছেন জয়া। শুভেচ্ছাবার্তার শেষাংশে তিনি চঞ্চলকে অভিনয়ের জাদুকর এবং অভিনয়শিল্পের এক বিস্ময় হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের দুই জনপ্রিয় মুখ জয়া আহসান ও চঞ্চল চৌধুরীর বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের। বিভিন্ন সময় একসঙ্গে কাজের পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতার প্রকাশও দেখা গেছে তাদের মধ্যে।
বিশেষ করে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘দেবী’-তে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সেই ছবিতে জয়া আহসান অভিনয় করেন রানু চরিত্রে, আর চঞ্চল চৌধুরী রূপ দেন কিংবদন্তি চরিত্র মিসির আলিকে।