চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী চট্টগ্রাম ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম তায়কোয়ান্দো একাডেমি এবং রানারআপ হয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং রানারআপ হয়েছে বনানী তায়কোয়ান্দো ক্লাব।
আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ৪টায় সিজেকেএস জিমনেশিয়ামে এ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নশিপে ৭টি জেলার ২৯টি ক্লাবের সর্বমোট ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য বাবুল হোসেন ও মাসুদ, সিজেকেএস-এর সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, সাবেক নির্বাহী সদস্য নাসির মিঞা ও এনামুল হক।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, সরওয়ার আলম মনি, হারুন রশীদ; সিডিএফএ কাউন্সিলর আবু সৈয়দ; তায়কোয়ান্দো কোচ আমির হোসেন সোহাগ, তুষার কুমার দে, আকাশ পাল, এরশাদ আহমেদ, শেখর শীল, উম্মে কুলসুম তুলি এবং সিজেকেএস-এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।