যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।
আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের একটি বাঁশবাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে মাথায় ধারালো দায়ের কোপ মেরে তাঁকে হত্যা করার পর মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিয়ার রহমানের দুই ছেলের মধ্যে মিম বড়। তাঁর ২১ দিন বয়সী এক শিশুসহ দুটি কন্যাসন্তান রয়েছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে তিনি বেকার ছিলেন। কারও সাথে তাঁর শত্রুতা ছিল না। কেন, কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে—তা এখনই বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে খবর পেয়ে এসে দেখি তাঁর মরদেহ এখানে পড়ে আছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বেনাপোল-যশোর মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচের নয়নঝুলিতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে যাই। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।