ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালীগঞ্জ থানা রোডের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
নির্বাচনী প্রতীক ‘কাপ-পিরিচ’ নিয়ে ভোটের মাঠে নামা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আমি জনগণের অধিকার ও সম্মানের প্রশ্নে আপসহীন। নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত ও একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব।” ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক তাঁর ইশতেহারে স্মার্ট কৃষি প্রযুক্তি, মোবারকগঞ্জ চিনিকল আধুনিকায়ন এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়, দাদন প্রথা বিলোপ করে সহজ কৃষিঋণ নিশ্চিত করা, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ এবং প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। এ ছাড়া মাদক ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও সাইদুল ইসলাম সহিদুলসহ স্থানীয় নেতা-কর্মীরা। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।