‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানে ঝিনাইদহে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। ‘বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায়’—এই বিষয়ের ওপর প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকার ৮টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপ্রক জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহমেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক-এর সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ।
সে সময় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।