ঝিনাইদহ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেছেন ৩ নেতা। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন—জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।
এর আগে শনিবার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহসভাপতি আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, শিমুল, সিপনসহ অন্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম করে আসলেও সম্প্রতি ঘোষিত ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে তাদেরও যোগ্য পদ দেওয়া হয়নি। তাই সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে নতুন কমিটি করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ শেষে নবগঠিত কমিটির নেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাইদুর রহমান শাহেদ পদত্যাগ করেন।