খুলনা

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। এ ছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১১০-১১৫ জনকে।

 

মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে। এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয় মামলায়।

 

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।

 

হামলায় নাসির উদ্দিন পাটোয়ারী, তানাইম, আসিফ, আল-আমিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

 

মামলায় আরও বলা হয়, পরে স্থানীয় এনসিপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতা-কর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

 

এদিকে মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানা ত্যাগ করার মুহূর্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানামূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ। একপর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে পুলিশ পাহারায় পাটোয়ারীদের নিরাপদে বের করে দেওয়া হয়।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, "লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি নেতা-কর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় গেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"



সম্পর্কিত খবর