খুলনা

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

সম্পত্তি আত্মসাৎ এবং নির্যাতনের অভিযোগ তুলে ঝিনাইদহে নিজ বাবা ও চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুই ভাই-বোন। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে লিমা খাতুন ও ছেলে ইকরামুল।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আব্দুল মোতালেব অসৎ চরিত্রের হওয়ায় ২০১৬ সালে তাঁর পিতা (অভিযোগকারীদের দাদা) আজিজুল হক নাতি ইকরামুলের নামে ২ একর ৫ শতাংশ ও ২০১৭ সালে নাতনি লিমা খাতুনের নামে ২৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। এরপর থেকে ওই জমি আব্দুল মোতালেব ভোগদখল করে আসছিলেন। কিন্তু কিছুদিন আগে ছেলে ও মেয়েকে না জানিয়ে তিনি সেই জমি বন্ধক রেখেছেন। ফলে এখন আর ওই জমিতে যেতে পারছেন না তাঁরা।

 

সংবাদ সম্মেলনে লিমা খাতুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁর বাবা আব্দুল মোতালেব, চাচা আবু বক্কর ওরফে বাক্কা এবং সৎ দাদা জাহিদুল ইসলাম পরিকল্পিতভাবে তাঁদের পরিবারকে জমিজমা নিয়ে হয়রানি ও বঞ্চনার শিকার করে আসছেন। তিনি জানান, তাঁর মা জীবিত থাকাকালে বাবা একাধিক বিয়ে করেন, যা নিয়ে পরিবারে তীব্র বিরোধ তৈরি হয়। তাঁরা মোট পাঁচ ভাই-বোন; যার মধ্যে বড় ভাই ইকরামুল ইসলাম বিজিবি সদস্য হিসেবে কক্সবাজারে কর্মরত। লিমা নিজে ঝিনাইদহ কেসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে চাকরির চেষ্টা করছেন। অভিযোগে তিনি বলেন, বাবার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও একাধিক বিয়ের কারণে পারিবারিক জীবনে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

 

ছেলে ইকরামুল অভিযোগ করেন, বাড়ির পাশের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ধরা পড়ায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয় এবং সেই মামলা মীমাংসার অজুহাতে দাদার রেখে যাওয়া জমি কুমড়াবাড়িয়া গ্রামের মোজাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে ঝিনাইদহের কাঞ্চনপুর এলাকায় আবারও অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে স্থানীয়দের চাপে তাঁকে বিয়ে করানো হয় বলে তিনি দাবি করেন। ওই নারীর পূর্বে একাধিক বিয়ে ও সন্তান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ইকরামুল আরও বলেন, সম্প্রতি ছুটিতে বাড়িতে আসার পর নিজস্ব বাড়িতে গেলে ভাড়াটে লোক দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তাঁর ছোট শিশুসন্তান গুরুতর আহত হয়ে কয়েক দিন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

এছাড়া তিনি জানান, তাঁর ফুফু জোসনা খাতুনের পৈতৃক সূত্রে পাওয়া জমিও জোরপূর্বক বিক্রি করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি ঝিনাইদহ আদালতে বণ্টননামা মামলা করেছেন। জোসনা খাতুন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। একইভাবে ইকরামুলের বড় ভাবিও উপস্থিত থেকে পারিবারিক নির্যাতন ও বঞ্চনার বিষয়গুলো সমর্থন করেন বলে জানান লিমা খাতুন।

 

নিজেদের পৈতৃক সম্পত্তি রক্ষা, ন্যায়বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। একই সঙ্গে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান।



সম্পর্কিত খবর