খুলনা

ঝিনাইদহে ভাইয়ের বিক্রি করা জমি নিয়ে ৯০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হয়রানির শিকার হচ্ছেন ৯০ বছর বয়সী মন্তাজ বিশ্বাস। তার সহোদর ভাই জীবদ্দশায় জমি বিক্রি করলেও বর্তমানে সেই জমির মালিকানা দাবি করে ওই বয়োবৃদ্ধের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্থানীয় এক ক্রেতা।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে প্রাপ্ত ৪২ শতক জমির মধ্যে ১৯৬১ সালে ১৮ শতক জমি বিক্রি করেন মন্তাজ বিশ্বাস, তার ভাই শফিউদ্দিন বিশ্বাস ও তাদের মা। অবশিষ্ট ২৪ শতক জমি দুই ভাই সমানভাগে ভাগ করে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। অভিযোগ উঠেছে, শফিউদ্দিন বিশ্বাস তার ভাগের ১২ শতক জমির মধ্যে ৭ শতক জমি একাধিকবার বিক্রি করেন। শফিউদ্দিনের মৃত্যুর পর ওই জমির ক্রেতা লুৎফর রহমান এখন মন্তাজ বিশ্বাসের দখলীয় জমির মালিকানা দাবি করে মামলা ঠুকে দিয়েছেন।

 

আদালতের দ্বারে দ্বারে ঘোরা মন্তাজ বিশ্বাস আক্ষেপ করে বলেন, "আমি আমার ভাগের জমিতেই শান্তিতে ছিলাম। ভাই জমি বিক্রি করেছে, কিন্তু এই বয়সে আমাকে কেন আসামি হয়ে আদালতে ঘুরতে হচ্ছে? আমি এর বিচার চাই।" মন্তাজ বিশ্বাসের ছেলে রবিউল ইসলামের দাবি, লুৎফর রহমান ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, "বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে, তাই পুলিশের সরাসরি কিছু করার নেই। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"



সম্পর্কিত খবর