ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের নিজস্ব উদ্যোগে ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কুল ব্যাগ, ২০টি ফুটবল ও ১০টি ভলিবল বরাদ্দ দেওয়া হয়। ডিজিটাল যুগে শিক্ষার্থীদের মাঠমুখী করতে এবং ঝরে পড়া রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপকরণ বিতরণকালে সাগান্না ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস হায়দার জুয়েলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। নতুন ব্যাগ ও খেলার সরঞ্জাম হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।