ঢাকা

টাঙ্গাইল-৪ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিহাতী সদরে নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

 

দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও লতিফ সিদ্দিকী জানান, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের অনুরোধেই তিনি ফের নির্বাচনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সভায় তিনি বলেন, “আমি গত কয়েকদিন দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। তবে আমি সবসময় জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করি। তাই জনগণের আগ্রহের প্রতি সম্মান জানিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

 

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি আরও জানান, আগামী ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেবেন এবং এরপর থেকে পর্যায়ক্রমে এলাকায় গণসংযোগ ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্যের ফের নির্বাচনী মাঠে ফেরার ঘোষণায় কালিহাতী আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

 


সম্পর্কিত খবর