টাঙ্গাইলে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) টাঙ্গাইল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালন এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪-এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত), তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিভাজিত জাতি সামনে এগিয়ে যেতে পারে না। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। দেশের কল্যাণে কোনো নির্দিষ্ট গণমাধ্যমে যুক্ত না থেকেও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা সম্ভব। সাংবাদিকতায় ক্লাব বা সংগঠনের সদস্য হওয়া জরুরি কোনো বিষয় নয়।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।