ঢাকা

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

টাঙ্গাইলে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা সদরে বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেন।

 

যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন সুলতান সালাউদ্দিন টুকু। নতুনভাবে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান।

 

যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির বর্তমান রাজনৈতিক কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে তারা পদত্যাগ করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুলতান সালাউদ্দিন টুকুর হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর